মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে ইজিবাইক চোরচক্রের সদস্য আটক, উদ্ধার ৫ চোরাই অটো


প্রকাশ : (৩ দিন আগে)
লালমনিরহাটে ইজিবাইক চোরচক্রের সদস্য আটক, উদ্ধার ৫ চোরাই অটো

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরাই ইজিবাইক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও চারটি চোরাই সন্দেহভাজন ইজিবাইক উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি ইজিবাইক উদ্ধার এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তবে অভিযানের সময় চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

শুক্রবার (১৭ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র লালমনিরহাট, কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে সেগুলোর রং ও যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে আসছিল। চক্রটিকে শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহীদ শাহজাহান কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। সেখানে চোরাই ইজিবাইক বিক্রির সময় সুভাষ চন্দ্র রায় (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি লালমনিরহাট শহরের রায়পাড়া এলাকার নির্মল চন্দ্রের ছেলে। তার কাছ থেকে একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এর আগেও তিনি ইজিবাইক চুরির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, চুরি করা ইজিবাইকগুলো সদর উপজেলার কুলাঘাট বাজারের একটি অটো ওয়ার্কশপে নিয়ে বিক্রি করা হতো। সেখানে রং পরিবর্তন ও যন্ত্রাংশ বদলে সেগুলো লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুলাঘাট বাজারে অভিযান চালানো হলে দোকানের মালিক সুকুমার রায় পালিয়ে যান। তবে তার দোকানে তল্লাশি চালিয়ে চারটি চোরাই সন্দেহভাজন ইজিবাইক এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার করা ইজিবাইক ও জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন কবীর বলেন, চক্রটির অন্যান্য সদস্য ও পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা csহবে।