শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে


প্রকাশ :

বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যার প্রভাব শিগগিরই দেশের বাজারেও পড়তে পারে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৪ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৫৩৩ দশমিক ৩০ ডলারে।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বর্তমান পরিস্থিতিতে বাজারে আস্থা ফিরেনি। মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা ও দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার সম্ভাবনা স্বর্ণের ওপর চাপ তৈরি করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাজারে অনিশ্চয়তা বাড়ালেও ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের চাহিদা কমিয়ে দিয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক সংকটে স্বর্ণ সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়, কারণ এতে সরাসরি মুনাফা নেই।

বার্ট মেলেকের ভাষ্য অনুযায়ী, স্বর্ণের দামে ৪ হাজার ২০০ ডলারের আশপাশে একটি শক্তিশালী সাপোর্ট রয়েছে। তবে অনিশ্চয়তা বাড়লে স্বল্পমেয়াদে বিনিয়োগকারীরা আরও সতর্ক অবস্থানে যেতে পারেন।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুতেও দরপতন হয়েছে। স্পট সিলভার ৩ দশমিক ২ শতাংশ, প্লাটিনাম ১ দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়াম ২ দশমিক ৯ শতাংশ কমেছে।

বিশ্ববাজারে এ পতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়।

সবশেষ গত ৩০ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।