বাংলাদেশ সাংবাদিক সমিতির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত ঢাকা সিটি ক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি গোবিন্দ লাল দাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। কেন্দ্রীয় কমিটির বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১), মোহাম্মদ শহীদুল্লাহ, শফিউল ইসলাম মিঠু, রইস উদ্দিন, অতীন্দ্র চক্রবর্তী, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন বাদশাসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম দীর্ঘ কয়েক বছর ধরে স্থবির হয়ে পড়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় আগামী ২৫ জুলাই সকালে ঢাকায় বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ।