বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতি নেই, হামলা অব্যাহত রাখার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের


প্রকাশ :

লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে চলমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকার মধ্যেই তিনি এই বক্তব্য দেন।

দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের নির্ধারিত লক্ষ্য হলো ইসরায়েলের জনবসতিকে সরাসরি হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা। সেই লক্ষ্য অর্জনে বাহিনী বর্তমানে নির্ধারিত অবস্থান ধরে রেখেছে এবং পরিস্থিতি অনুযায়ী সেখানে আরও দীর্ঘ সময় থাকতে হতে পারে।

সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতির সুযোগ নেই এবং অভিযান চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলোকে লক্ষ্য করে যেকোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হুমকি মোকাবিলার পাশাপাশি ‘সন্ত্রাসী’ অবকাঠামো ধ্বংস ও সংশ্লিষ্টদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। একই সঙ্গে দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই