ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৯ এপ্রিল) শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালে প্রায় ৮ ফুট উঁচু একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেয়ালটি ভেঙে পড়ার সময় আশপাশে থাকা পথচারী ও দোকানিরা চাপা পড়েন।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু ও ফুটপাতে থাকা চারজন দোকানি রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই ঘটনাকে গভীরভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স