বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

হজে যেতে সৌদিতে কর্মীদের ১৫ দিনের বেতনসহ ছুটি


প্রকাশ :

সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য হজ পালনে বেতনসহ ছুটির সুযোগ নিশ্চিত করেছে দেশটির সরকার। শ্রম অধিকারবিষয়ক বিদ্যমান বিধিমালা অনুযায়ী, কর্মীরা হজের জন্য সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, কর্মীরা টানা ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই ছুটি ভোগ করতে পারবেন, যার মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট কর্মীকে একই প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর ধারাবাহিকভাবে কর্মরত থাকতে হবে।

আরও বলা হয়েছে, একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবারই এই হজ ছুটি গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, এই সুযোগ শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে কখনো হজ পালন করেননি।

কতজন কর্মীকে প্রতি বছর এই ছুটি দেওয়া হবে, তা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবেন নিয়োগকর্তারা বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত মুসলিমদের ধর্মীয় দায়িত্ব পালনে সুবিধা বাড়বে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকার আরও শক্তিশালী হবে।

সূত্র: গালফ নিউজ