মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে এ কম্পন টের পাওয়া যায় বলে জানিয়েছে মেক্সিকোর জাতীয় ভূকম্পন গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে।
ভূমিকম্পের তীব্রতায় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিলেও প্রাথমিকভাবে কোথাও হতাহত বা বড় ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের উৎপত্তিস্থল উপকূলের কাছাকাছি হওয়ায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহরের কাছে ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
ভূমিকম্পের সময় প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম ন্যাশনাল প্যালেসে একটি সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। হঠাৎ সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠলে তিনি ও উপস্থিত সাংবাদিকরা দ্রুত হলকক্ষ ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পর তিনি আবার ব্রিফিংয়ে ফিরে আসেন।
পরে প্রেসিডেন্ট শিনবাউম জানান, ভূমিকম্পের পরপরই তিনি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। একই সঙ্গে সারা দেশে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এখন পর্যন্ত রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের কোথাও প্রাণহানির তথ্য না পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করায় মেক্সিকো প্রায়ই ভূমিকম্পপ্রবণ হলেও এবারের ঘটনায় বড় ধরনের ক্ষতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সূত্র: বিবিসি