বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বৃষ্টিপাতে জন-জীবন স্থবির,৭২ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস


প্রকাশ :

রংপুরে বৃষ্টিপাতে জন-জীবনে স্থবিরতা নেমে এসেছে। বুধবার (১৩ মে) সকাল থেকে থেমে থেমে হালকা ও মাঝারী আকারে বৃষ্টি হচ্ছে। এতে করে নগরীতে দিনের কর্মব্যস্ততা দেরীতে শুরু হয়েছে। অনেকটা ফাঁকা ছিল বেশিরভাগ সড়ক। অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হয়নি।

এদিকে বৃষ্টির কারণে দিন খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। বিশেষ করে নগরীর শাপলা চত্ত্বর, বেতপট্টি, শিমুলবাগ এলাকায় দিনমজুরী করতে আসা খেটে খাওয়া মানুষেরা কর্মহীন দিন পাড় করেছেন।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত রংপুর জেলায় ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় রংপুর বিভাগে ভারী ও অতিভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে করে নিম্নাঞ্চলসহ বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরী হতে পারে।

রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসার ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসারে অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তরাঞ্চলে শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হওয়ায় রংপুর বিভাগের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।