রাজধানীর দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ওই দম্পতির টিন ও কাঠ দিয়ে নির্মিত বাড়িতে আগুন ধরে যায়। আগুন লাগার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করতে সক্ষম হন সালাম ও নাসিমা। তবে শেষ পর্যন্ত তারা আর বের হতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সালাম ও নাসিমা ঘটনাস্থলেই মারা গেছেন। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। তিনি বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: ইত্তেফাক