কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে ঘুমন্ত অবস্থায় এক মা ও তার শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হাতির দল বসতঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আবদুল করিমের কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছরের মেয়ে মোহছেনা বেগম।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, ভোরের দিকে হঠাৎ একটি বন্য হাতির দল কলোনিতে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা মা-মেয়ের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বন্য হাতির পুনরাবৃত্ত আক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।