দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। টানা দরপতনের ধারায় এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ১৫৮ টাকা। নতুন হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির প্রাইসিং ও প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে ধারাবাহিক সমন্বয় দেখা যাচ্ছে। গত এক সপ্তাহেই চার দফায় কমেছে দাম। এর মধ্যে ২৩ এপ্রিল ৩ হাজার ২৬৬ টাকা, ২৮ এপ্রিল ২ হাজার ২১৬ টাকা এবং পরদিনও একই পরিমাণ কমানো হয়। সব মিলিয়ে সাত দিনের ব্যবধানে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে স্বর্ণের দাম।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, যা আগের চেয়ে ২ হাজার ৪১ টাকা কম। ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি প্রতি ৩ হাজার ৩৮৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।