রংপুরের তারাগঞ্জ উপজেলায় বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহেরা বেগম স্থানীয় মজিবর হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের জননী। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন সয়ার ইউনিয়ন পরিষদের সদস্য মনছুর পাটোয়ারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে রান্নার জন্য বাড়ির পাশ থেকে খড়ি সংগ্রহ করতে গেলে বজ্রপাতের শিকার হন সাহেরা বেগম। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য মনছুর পাটোয়ারী বলেন, বজ্রপাতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এতে পরিবারটির ওপর শোক নেমে এসেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাটি তার জানা ছিল না। খবর পাওয়ার পর বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।