লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ দুইজনকে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত| বুধবার (২৯ এপ্রিল) আসামীর উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রওশন আলম এ রায় ঘোষণা করেন|
সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী(৪৫)|
মামলা সুত্রে জানাযায়, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেন্সিডিল ঢাকায় নেওয়ার সময় লালমনিরহাটের ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে| এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন|
সেই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে রায় ঘোষনা করেন| রায়ে বলা হয়, মাদকদ্রব্য পরিবহনের দায়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলী প্রত্যেককে ৫ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়| রায় ঘোষনার পরে আসামীদেরকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ|
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ করতে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে|