বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

হামে আক্রান্তদের অধিকাংশই টিকাবঞ্চিত, উদ্বেগ বাড়ছে


প্রকাশ :

দেশে হামে আক্রান্ত শিশুদের একটি বড় অংশ এখনো টিকার আওতার বাইরে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির মতে, আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশ শিশু কোনো ধরনের টিকা নেয়নি, আর ১৪ শতাংশ মাত্র এক ডোজ টিকা গ্রহণ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, চলমান টিকাদান কার্যক্রমের ফলে আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এতে সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং টিকাদান জোরদার করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে একজনের মৃত্যুর তথ্যও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটি জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।